ক্রেডিট কার্ডে জুন পর্যন্ত জরিমানা নয়: বাংলাদেশ ব্যাংক

৪ এপ্রিল, ২০২০ ১৮:৩২  
করোনাভাইরাস মহামারীর মধ্যে নির্ধারিত তারিখে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলে জুন পর্যন্ত সময়ে তার কাছ থেকে কোনো জরিমানা বা বাড়তি চার্জ নিতে পারবে না ব্যাংক। বাংলাদেশ ব্যাংক শনিবার জরুরিভিত্তিতে এ-সংক্রান্ত সার্কুলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, এরই মধ্যে কোনো ব্যাংক চার্জ আরোপ করে থাকলে গ্রাহককে তা ফেরত দিতে হবে। এর আগে এক সার্কুলারে গাড়ি, বাড়ি, ব্যবসাসহ অন্য সব ঋণের মত ক্রেডিট কার্ডের গ্রাহককেও আগামী জুন পর্যন্ত খেলাপি না করতে বলেছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন একই সময় পর্যন্ত জরিমানা আদায় না করতে নির্দেশ দেওয়া হল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের কারণে দেশের মানুষ এখন জীবন বাঁচাতে ঘরবন্দি। এমন পরিস্থিতিতে ক্রেডিট কার্ডের জরিমানা বা বাড়তি চার্জ দেওয়া অনেকের পক্ষেই সম্ভব নয়। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।